© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোহিঙ্গা ক্যাম্পে করোনায় প্রথম একজনের মৃত্যু

শেয়ার করুন:
রোহিঙ্গা ক্যাম্পে করোনায় প্রথম একজনের মৃত্যু

ফাইল ছবি

district-correspondent
০৫:৩১ পিএম | ০২ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রথমবারের মতো এক বৃদ্ধের (৭১) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে করোনার উপসর্গ নিয়ে ৭১ বছর বয়সী এক রোহিঙ্গা অসুস্থ হন। পরে গত ৩০ মে ওই রোহিঙ্গা ব্যক্তি মারা যান। এরপর তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, মৃত রোহিঙ্গার সংস্পর্শে আসা ৯ জন রোহিঙ্গাকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের শারীরিক অবস্থা ভালো আছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত অন্তত ২৯ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী ক্যাম্পে আছেন। তাদের সংখ্যা ১০ লাখের বেশি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটছে। রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন